নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ মার্চ, ২০২১ সোমবার ০১:১১ পিএম
মো. লোকমান আলী (৩০)। ব্যবসা-বাণিজ্যের কথা বলে বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে টাকা নিতেন, দেখাতেন চট্টগ্রামে প্লট বিক্রির লোভ। এভাবে ফুসলিয়ে টাকা নিয়ে ‘লোক ঠকিয়ে’ করতেন প্রতারণা। যার ফলে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে হয় ছয়টি মামলা; জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। কিন্তু সুকৌশলে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। কিন্তু ইপিজেড থানা পুলিশের কৌশলের কাছে হার মানতে হলো এ প্রতারককে।
রবিবার (১৪ মার্চ) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার লোকমান আলী ইপিজেড থানার তালতলা এলাকার কামাল সওদাগরের বাড়ির সায়রা ভিলার মৃত মো. হোসেনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অপারেশন অফিসার (এসআই) সাজেদ কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লোকমানকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশের একটি টিম।’
‘মোবাইল ট্র্যাকিংসহ নানা কৌশল অবলম্বন করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।’— যোগ করেন তিনি।
সিএস
Print This Post
