নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ নভেম্বর, ২০২০ শনিবার ০৮:০০ পিএম
৪ দফা দাবিতে দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি। আগামীকাল (রবিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই ধর্মঘট।
শনিবার (৭ নভেম্বর) বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুছ এই কর্মসূচি ঘোষণা করেন।
কমিটির ৪ দফা দাবিগুলো হচ্ছে— বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার, টর্মিনাল সংযোগ সড়ক অবৈধ দখলমুক্ত করা, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ এবং সড়কে অবৈধ গাড়ির চলাচল বন্ধ করা।
বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুছ সিটিজিসানকে বলেন, ‘৪ দফা দাবিতে রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে আমরা টার্মিনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করবো।’
তিনি বলেন, ‘মানববন্ধন কর্মসূচির পাশাপাশি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছাড়বে না।’
‘তবে এই সময়ের আগে বা পরে যেসব পরিবহন চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার বাস টার্মিনাল থেকে ছাড়বে তা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে।’—যোগ করেন তিনি।
আরএইচ
Print This Post
