নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ নভেম্বর, ২০২০ শুক্রবার ০১:৪০ পিএম
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সিআরবির জোড়া খুনের মামলায় অভিযুক্ত সাইফুল আলম লিমনকে আদালত প্রাঙ্গণে সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে মারধরের মামলায় সম্পৃক্ততা পাওয়ায় সে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সাইফুল আলম লিমনের দেওয়া তথ্যে তার সহযোগী সজল দাশ নামে একজনের কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) নগরের সিআরবি এলাকা থেকে গভীর রাতে লিমনকে গ্রেফতার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী হোসাইন।
তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে মারধরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল সাইফুল আলম লিমনকে। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়ায় সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
আলী হোসাইন বলেন, ‘জিজ্ঞাসাবাদে সাইফুল আলম লিমনের দেওয়া তথ্যে তার সহযোগী সজল দাশকে বিদেশি অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের দুইজনকেই আসামি করে মামলা দায়ের করা হচ্ছে।
প্রসঙ্গত ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের দরপত্র জমা নিয়ে গোলাগুলিতে জড়ায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনের অনুসারীরা।
এতে এক শিশুসহ বাবরের অনুসারী সাজু পালিত গুলিতে মারা যায়। এরপর থেকে চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে আলোচনায় আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লিমনের নাম। এই ঘটনার পর লিমনকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়।
এই জোড়া খুনের মামলায় ২০১৮ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া অভিযোগপত্রে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছে লিমনের নাম। ওই মামলায় লিমন এর আগে গ্রেফতার হলেও পরে জামিন পান।
এর আগে গত ২১ জানুয়ারি রাতে মামলার প্রধান অজিত বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
সিএস
Print This Post
