নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ অক্টোবর, ২০২০ শনিবার ০২:১০ এএম
একদিন বয়সী নবজাতকের জন্মের পর থেকেই শরীর দুর্বল। তাই ওই নবজাতককের শরীরে পুশ করা হয় স্যালাইন। মা রুবাইয়াত শারমিন স্যালাইন লাগানোর ২৪ ঘন্টা পর ক্ষেয়াল করেন তার একদিন বয়সী ছেলে সন্তানের দেহে পুশ করা হয়েছে মেয়াদোত্তীর্ণ স্যালাইন! ততক্ষণে স্যালাইনের পঞ্চাশ শতাংশ নবজাতকের দেহে— এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল চট্টগ্রাম স্পেশিয়ালাইজড ট্রিটমেন্ট এ্যান্ড ট্রমা সেন্টার (সিএসটিসিতে)।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত নয়টায় ঘটনাটি ধরা পরে ওই শিশুর মা রুবাইয়াত শারমিনের চোখে। ওই হাসপাতাল ভবনটির সত্ত্বাধিকারী নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিএসটিসি হাসপাতালে রুবাইয়াত শারমিন নামে এক নারী ছেলে সন্তানের জন্ম দেন। এরপর থেকে নবজাতকের শরীর দুর্বল বলে জানান চিকিৎসক। এরপর রাত ৯টায় ওই নবজাতকের শরীরে একটি স্যালাইন লাগিয়ে দিয়ে যান নার্স। আর সেই স্যালাইনটির মেয়াদ শেষ হয়েছে ৬ মাস আগেই।
শিশুর মামা জুবায়েদ ইবনে খলিল বলেন, ‘স্যালাইন লাগানোর ২৪ ঘণ্টা পর আমার বোন খেয়াল করে যে তার বাচ্চার শরীরে যে স্যালাইনটি যাচ্ছে তার মেয়াদ শেষ হয়েছে গত এপ্রিলে। বিষয়টি সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।’
তিনি বলেন, ‘চিকিৎসায় অবহেলার এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।’
হাসপাতালের ভবন মালিক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। চিকিৎসায় এমন অবহেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেই হাসপাতালে ছুটে এসেছি এবং নবজাতকের দেহে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের সত্যতা পেয়েছি। আমি তৎক্ষনাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’
আরএইচ/এসএ
Print This Post
