ফটিকছড়িতে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১২

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০১:০১ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। স্থানীয় যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রুপ এবং শহিদুল্লাহ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

সূত্র জানায়, মহিউদ্দিন গ্রুপ কতৃক শহিদুল্লাহ গ্রুপের এক কর্মীকে মারধরের জের ধরে রাতে শহিদুল্লাহ গ্রুপ মহিউদ্দিন গ্রুপের উপর হামলা চালায়। এতে মো. ইদ্রিস (৫১), আমান উল্লাহ (৩০), বেনুরা বেগম (৭০), জেসমিন আকতার (৩০), মিনা আকতার (২৬), নাজিম (৪০), নয়ন (২০), মো. ইসমাইল উদ্দীন (২২), মনা (৩০)সহ  উভয় পক্ষের ১২ জন নারী-পুরুষ আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র, লাটি সোটা ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। যুবলীগ নেতা মহিউদ্দিন ও শহিদুল্লাহ গ্রুপের মধ্যে এলাকাতে দীর্ঘদিন নানান বিষয়ে বিরোধ চলে আসছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার বলেন, সুন্দরপুরে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কজন আহত হয়েছে। পুলিশ তৎক্ষনাত খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩/৪ জনকে আটক করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে। ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

সিটিজিসান ডটকম/এফইউ

Print This Post Print This Post