পটিয়ায় রড দিয়ে পিটিয়ে শিশুকে যখম করল সৎ মা

আপডেট: ২৬ অগাস্ট ২০২০ ১০:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২৬ আগস্ট, ২০২০ বুধবার ১০:০০ এএম

মাত্র আট বছরের শিশু কন্যা আয়েশা আক্তার। আজ থেকে প্রায় ৬ বছর আগে মা মারা যায় তার। এরপরই তার বাবা বিয়ে করে। কারণে অকারণে আয়েশার উপর এরপরই শুরু হয় অমানবিক নির্যাতন। এমনকি রড দিয়ে আঘাত করে তার মাথায় যখম করে ওই সৎ মা—এমন অভিযোগ আয়েশা আক্তারের।

সোমবার (২৫ আগস্ট) পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

সৎ মায়ের নির্যাতনের শিকার আয়েশা জানায়, ‘আজ (সোমবার) সন্ধ্যায় আমাকে লোহার রড দিয়ে পিটিয়েছে আমার সৎ মা। রড দিয়ে বারি দিয়ে আমার মাথাও ফাটিয়ে দেয়।’

কেন তাকে মারধর করে জানতে চাইলে শিশু আয়শা বলে, তার বোনকে (সৎ মায়ের মেয়ে) সারাদিন কোলে না রাখলে, কান্না করলে সৎ মা মারধর করে। তাকে তার সৎ মা স্কুলেও যেতে দেয়না।

জানতে চাইলে অায়েশার বাবা রিক্সা চালক নাজিম উদ্দিন জানান, ‘আয়েশার বয়স যখন ২ বছর তখন ওর মা মারা যায়। মা মরা ছোট মেয়েকে মানুষ করতে বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করি। এর মধ্যে আয়েশাকে তার ফুফু নিয়ে যায়। আয়েশা বড় হওয়ার কারণে তাকে স্কুলে ভর্তি করাতে আবার নিয়ে আসি আমি। পেশায় আমি রিকশা চালক। তাই সারাদিনই ঘরের বাইরে থাকি। কিন্তু এভাবে আমার মেয়েকে মারধর করা হয় আমি জানতাম না।’

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ‘আয়েশা নামে এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের ব্যাপারটি মৌখিকভাবে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিটিজিসান ডটকম/আরএইচ/এমএ

Print This Post Print This Post