চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৩৮০ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৮৫ জন

আপডেট: ১৯ জুলাই ২০২০ ১২:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জুলাই, ২০২০ রবিবার ১১:৫০ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৫টি করোনা পরীক্ষার ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে মাত্র ৮৫ জন। যা চলতি মাসে একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় সর্বনিম্ন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল বারো হাজার ৭৫৪ জনে। একইসময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

রবিবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৩৮০ টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে  ৬৯ জন এবং উপজেলায়  ১৬ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুই জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ২৭ জন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪ টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৮ টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬১ টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ১৮ জন, বিআইটিআইডিতে ২২ জন, চমেক ল্যাবে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে সিভাসু ল্যাবের পরীক্ষায় কোনো করোনা আক্রান্ত রোগী  শনাক্ত হয়নি।

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৩টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। কিন্তু এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post