নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জুন, ২০২০ রবিবার ০৬:২৬ পিএম
চট্টগ্রামে ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই জানা যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল।
রবিবার (২১ জুন) চট্টগ্রামের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সিটিজিসানকে বিষয়টি জানান।
তিনি আরও জানান, ‘চট্টগ্রামে নমুনা পরীক্ষার ফলাফল জানতে আজ (রবিবার) থেকে সিভিল সার্জন অফিস নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করেছে। এ ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে নমুনা প্রদানের সময় প্রদানকৃত মোবাইল নম্বর ব্যবহার করে ঘরে বসেই নমুনা পরীক্ষার ফলাফল জানতে পারবে।’
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হবে। চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াং সোশ্যাল অ্যাক্টিভিজম বোর্ড’ (YSAB)- এর সহযোগিতায় এ সংক্রান্ত কাজের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ফজলে রাব্বি বলেন, ‘আজ থেকে ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। নমুনা সংগ্রহের সময় দেয়া মোবাইল নম্বর ব্যবহার করে মিলবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল। এছাড়াও নমুনা জমা দেয়ার সময় ও নাম ব্যবহার করেও নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।’
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
