নির্বাচনে সহিংসতা না করতে সব দলের প্রতি আহ্বান: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ৯:৫৯ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৯:৫৫ পিএম |

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা না করতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

শনিবার সন্ধ্যায় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে সমাপনী পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউএসএভিত্তিক এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

অনুষ্ঠানে আর্ল আর মিলার বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছি। এ জন্য সব দলকে সহিংসতা এড়িয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। সংঘাত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুবকরা পারে পৃথিবীকে পরিবর্তন করতে। পরিবর্তনের জন্য সংখ্যা কোনো বিষয় না। আমরা চাই যুবসমাজ পৃথিবীকে পরিবর্তন করবে।

বিতর্কে শিক্ষার্থীরা বাংলাদেশে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়।

এদিন সকাল ১০টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন টিএসসির মহাপরিচালক অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন। বিতর্কে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট ১৬ দল অংশ নেয়। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ।

এতে মডারেটরের দায়িত্ব পালন করেন ঢাবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মাহবুবা নাসরিন।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তার স্ত্রী মাইকেল এ্যাডমেলমেন, দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার জশুয়া ক্যাম্প এবং কালচারাল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ ফারোহা সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post