আপিলেও বেগম জিয়ার মনোনয়ন অবৈধ

আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ৬:৫৩ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ০৮ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৬:৫০ পিএম |

আপিলেও অবৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন। ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে ইসি।

শনিবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজন কমিশনারের মধ্যে চারজন খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। তবে, কমিশনার মাহবুব তালুকদার তিনটি মনোনয়নপত্রকেই বৈধ করার পক্ষে রায় দেন। ফলে পাঁচজনের মধ্যে চার-এক ভোটে খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ করা হয়।

এরআগে, শনিবার দুপুরে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে দায়ের করা তিনটি পৃথক আপিল একইসঙ্গে শুনানি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্ব পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। পরে তাৎক্ষণিক সিদ্ধান্ত না দিয়ে ইসি এটিকে পেন্ডিং করে।

ইসি জানায়, নিম্ন আদালতে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের আরও শুনানি করবে কমিশন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হলে আজ দুপুরে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশন জানায়, এর ওপর আবার শুনানি হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৫৪৩ জন প্রার্থী আপিল আবেদন করেন ইসিতে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post