স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ০৭ নভেম্বর ২০১৮, বুধবার, ১২:৩০ পিএম |
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া দিতে গিয়ে পুলিশের সঙ্গে গুলাগুলির ঘটনা ঘটে। এসময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়। বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে।
মঙ্গলবার (০৬ নভেম্বর) রাত ১২টার দিকে থানার মেরিনার্স রোডে এঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মো. মাসুদ প্রকাশ কালা মাসুদ (৩০) ও মো. জুম্মন (২৫)।
এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ, ধারালো ছোরা, চুম্বক, মুখোশের বিভিন্ন অংশ এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
আহত পুলিশ সদস্যরা হলেন, কোতোয়ালী থানার এএসআই রণেশ বড়ুয়া ও মো. রহুল আমিন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল রাত ১২টার দিকে পুলিশের কাছে তথ্য ছিল জব্দ হওয়া সিএনজি অটোরিকশায় করে পাঁচজন ছিনতাইয়ে বের হয়েছিল। পুলিশ আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশ সদস্যরা অটোরিকশাকে থামানোর সংকেত দিলে ছিনতাইকারীরা গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
