নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার ০১:০৮ পিএম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জোয়ারা হিন্দু পাড়া এলাকায় বর্তমান কাউন্সিলর অজয় দত্ত ও সুজন সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বর্তমান কাউন্সিলর অজয় দত্ত ও সুজন সরকার স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা। তারা পরষ্পর পাল্টা-পাল্টি হামলার অভিযোগ করছেন।
বর্তমান কাউন্সিলর অজয় দত্তের অভিযোগ, বাড়ির পাশে গ্রামের নারীদের নিয়ে প্রচারণায় বের হলে সুজন সরকারের লোকজন মিছিল নিয়ে তাদের গ্রামে আসে। এসময় তারা এলডিপি ও বিএনপির লোকজন নিয়ে অজয় দত্তের প্রচারণায় হামলা চালায়। এতে নারী-পুরুষ মিলিয়ে তাদের ১৫ জন আহত হয়েছে।
অন্যদিকে সুজন সরকারের বলেন, ‘বর্তমান কাউন্সিলর অজয় দত্তের লোকজন পরিকল্পিভাবে এ হামলা করেছে। হামলায় আমাদের পাঁচজন সমর্থক আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।’
তিনি বলেন, ‘তাঁদের গণসংযোগ ছিল বিকেলে, তারা হুট করে বাজে পরিস্থিতি তৈরির জন্য এটা করেছে। বিকেলেও তাঁরা শিডিউল মোতাবেক মিছিল করেছে। এলাকায় তাঁদের অবস্থান দেখাতে এরকম পরিস্থিতি সৃষ্টি করছে।’
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
প্রসঙ্গত, আগামীকাল (রবিবার) চতুর্থ ধাপে চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ এবং সাতকানিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পটিয়ার সব কেন্দ্রে ইভিএমে এবং চন্দনাইশ-সাতকানিয়া পৌরসভায় ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
আরএইচ/সিএস
