চট্টগ্রামে করোনার টিকা মিলবে ১৫ কেন্দ্রে, নিয়োজিত থাকবে ৪২ টিম

আপডেট: ৭ ফেব্রুয়ারী ২০২১ ৩:৩৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৯:৩০ এএম

চট্টগ্রাম নগরীর ৭ জোনের ১৫টি কেন্দ্রে প্রাথমিকভাবে দেয়া হবে করোনা ভাইরাসের টিকা। ৪২টি টিম নিয়োজিত থাকবে এসব কেন্দ্রে টিকা দিতে। প্রতি টিমেই রয়েছে ৬ জন করে সদস্য। যাদের মধ্যে দুজন মিড ওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং চারজন স্বেচ্ছাসেবক।

শনিবার (৬ ফেব্রুয়ারি) নগরের সাত জোন ও ১৪ উপজেলায় করোনার ভ্যাকসিন বণ্টন শেষে এসব তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

টিকাদান কেন্দ্রের ১৫ কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল।

অন্যদিকে চট্টগ্রামের ১৪ উপজেলায় করোনার টিকা দেয়া হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। সেখানে দুটি করে টিম টিকাদানে নিয়োজিত থাকবে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, রবিবার চমেক হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাঁদের টিকা দেয়া শুরু হবে। ১০টি বুথে এ কার্যক্রম চলবে। এদিন জেনারেল হাসপাতালেও ছোট পরিসরে টিকা দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে নেভি হাসপাতালসহ বাকি ছয়টি জোনে টিকা কার্যক্রম শুরু হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সব মিলিয়ে ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ। বাকি ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে চট্টগ্রামের ১৪ উপজেলার জন্য।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে পটিয়ায়। এ উপজেলায় দেয়া হয়েছে সাড়ে ৩১ হাজারের বেশি ভ্যাকসিন ডোজ।

এছাড়া আনোয়ারা উপজেলায় ১৫ হাজার ৫২৪ ডোজ, বাঁশখালীতে ২৫ হাজার ৮৪১ ডোজ, বোয়ালখালীতে ১৩ হাজার ৩৭২ ডোজ, চন্দনাইশ উপজেলায় ১৩ হাজার ৯৬৫ ডোজ, ফটিকছড়িতে ৩১ হাজার ৫২৫ ডোজ, হাটহাজারীতে ২৫ হাজার ৮৭৬ ডোজ, লোহাগাড়ায় ১৬ হাজার ৭৭৬ ডোজ, মিরসরাই উপজেলায় ২৩ হাজার ৮৯৬ ডোজ, রাঙ্গুনিয়ায় ২০ হাজার ৩১৭ ডোজ, রাউজানে ১৯ হাজার ৩৪৯ ডোজ, সন্দ্বীপ উপজেলায় ১৬ হাজার ৬৯৭ ডোজ, সাতকানিয়াতে ২৩ হাজার ৬২ ডোজ, সীতাকুণ্ডে ২৩ হাজার ২৪৪ ডোজ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘এরইমধ্যে বরাদ্দ হওয়া টিকা উপজেলাগুলোয় পৌঁছে দেয়া হয়েছে। টিকাদানের সার্বিক প্রস্তুতিও শেষ করা হয়েছে।’

উল্লেখ্য, আজ চট্টগ্রামে সর্বপ্রথম করোনার টিকা নেবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিজেই টিকা নিয়ে চট্টগ্রামে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

আরএইচ/সিএস