নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ মে, ২০২০ শনিবার ০১:০০ এএম
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৮৯টি নমুনা পরীক্ষায় আরও ১৫৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে নগরেই শনাক্ত হয়েছে ১১৫ জন এবং বাকি ৪৪ জন উপজেলার। নতুন শনাক্তসহ চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৮৮ জনে।
শনিবার (৩০ মে) রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৯৭ জনের। এর মধ্যে নগরে ৯৩ জন, উপজেলায় ৪ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে পরীক্ষা হয় ১৪১ জনের নমুনা। এতে করোনা পজিটিভ পাওয়া যায় ৬১ জন। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ৩৯ জন।
এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা হয় চট্টগ্রামের ১৭ জনের নমুনা। এতে ১ জন পজিটিভ হন। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: পতেঙ্গা সৈকতে মাদুর বিছিয়ে দূরত্ববিহীন খাবারগ্রহণ, দুই পরিবারকে ম্যাজিস্ট্রেটের জরিমানা
বিভিন্ন উপজেলায় নতুন আক্রান্তদের মধ্যে চন্দনাইশের ১৩ জন, পটিয়ার ১৩ জন, সীতাকুণ্ডের ৮ জন, বোয়ালখালীর ৫ জন, হাটহাজারীর ১ জন, রাউজানের ১ জন, সন্দ্বীপের ১ জন, লোহাগাড়ার ১ জন এবং অপরজন আনোয়ারার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫৮৮ জনে। এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন।
সিটিজিসান ডটকম/আরএইচ
