স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: নগরীর হালিশহর আবাহনী মাঠে আগামীকাল বুধবার থেকে মাসব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সপোর্ট ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে মেলা শুরু হবে ১ ডিসেম্বর থেকে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।
এবারের মেলায় প্যাভিলিয়ন, প্রিমিয়াম প্যাভিলিয়ন, স্ট্যান্ডার্ড প্যাভিলিয়নসহ মোট ২০০টি স্টল থাকছে।
আগামীকাল বুধবার সকাল ১১ টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিআইটিইএফ’র উদ্বোধন করার কথা রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
মঙ্গলবার দুপুরে আগ্রাবাদের চেম্বার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান।
সিএমসিসিআই দেশিয় শিল্পের প্রসার, সুরক্ষা ও নীতিগত সমর্থন প্রদানে সরকারের সংশ্লিষ্ট মহলকে নীতি নির্ধারণে সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, যৌক্তিক শুল্কহার নির্ধারণ, শিল্পায়নের গতি ত্বরান্বিত এবং উৎপাদিত পণ্যের বিপণন, প্রচার-প্রসারে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে বলে জানান মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। এরই অংশ হিসেবে তৃতীয়বারের মতো বিআইটিইএফ মেলার আয়োজন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে সিএমসিসিআই পরিচালক আব্দুস ছালাম, মো.শাহাবুদ্দিন আলম, মোহাম্মদ এনামুল হক, সুলতানা শিরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটিজিসান.কম/রবি

