চবিতে অবরোধ স্থগিত

আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ৪:৩৯ অপরাহ্ন

cu

চট্টগ্রাম :: কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে ‘হত্যা’র প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের একপক্ষের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আজ সোমবার সকাল থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সকালে দিয়াজ ইরফানের হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

তাদের পাঁচ দাবির অন্যতম দাবি ছিল আনোয়ার হোসেনকে তার সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অপসারণ করা।

আন্দোলনকারী পক্ষের নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি শোভন শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে ‘হত্যা’র সুষ্ঠ তদন্তসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে রোববার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন নামে ছাত্রলীগের একটি পক্ষ। অনির্দিষ্টকালের অবরোধের প্রথমদিন শাটল ট্রেনের হোস পাইপ কেটে দিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পাওয়া যায়।

২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদি হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর নামও রয়েছে।

সিটিজিসান.কম/রবি