১৫ নভেম্বরের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণা না হলে দেশব্যাপি বিক্ষোভ

আপডেট: ৭ নভেম্বর ২০১৬ ৩:৫৯ অপরাহ্ন

bfuj-sm20161107124948

কক্সবাজার :: আগামী ১৫ নভেম্বরের মধ্যে সাংবাদিক ও কর্মচারীদের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষিত না হলে পর দিন থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা।

আজ সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব ওমর ফারুক।

বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, মনতোষ বসু ও প্রদীপ শঙ্কর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ ও নওশের আলী খান, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্রপতির সুপারিশ ও প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরও সংবাদপত্রশিল্পের সাংবাদিক ও কর্মচারীদের জন্যে নতুন ওয়েজবোর্ড ঘোষণা না হওয়াটা রহস্যজনক। ১৫ নভেম্বরের মধ্যে নতুন ওয়েজবোর্ড ঘোষণা দেওয়া না হলে ১৬ নভেম্বর থেকে সারা দেশে সব সাংবাদিক ইউনিয়ন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সিটিজিসান.কম/শিশির