সংখ্যালঘু নির্যাতনে জড়িত আ.লীগ : বিএনপি

আপডেট: ৫ নভেম্বর ২০১৬ ৭:৪১ অপরাহ্ন

hafiz

অনলাইন ডেস্ক ::
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা ও আগুনের ঘটনায়, আওয়ামী লীগের তিন নেতার বহিষ্কার প্রমাণ করে, গত আট বছর ধরে দেশের সব সংখ্যালঘু নির্যাতনের ঘটনায়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষমতাসীনরা জড়িত। এমন অভিযোগ করেছে বিএনপি।

এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছে দলটি। সেই সাথে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে, সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা।

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা সরেজমিনে দেখতে, শুক্রবার সেখানে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

পরদিন এ নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরতেই চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন।

এ সময় বিএনপির প্রতিনিধি দলের প্রধান বলেন, ঘটনার ভয়াবহতা তাদের স্তম্ভিত করেছে। যার নিন্দা জানানোর ভাষাও তাদের নেই। তার দাবি, এ ঘটনার জন্য স্থানীয়রা ক্ষমতাসীন দলকেই দায়ী করেছেন। সেই সাথে প্রশাসনের নিষ্ক্রিয়তারও অভিযোগ করেছেন তারা।

শুধু নাসিরনগরের ঘটনা নয়, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিচার দাবি করেন বিএনপির এ নেতা।

তার দাবি, এখন দেশের কোনো নাগরিকই নিরাপদ নয়। ভোটাধিকার না থাকায় হিন্দু মুসলিম কারোরই আর কদর নেই ক্ষমতাসীনদের কাছে।

সিটিজিসান.কম/রবি