অনলাইন ডেস্ক :: শিশুদের জন্য অত্যন্ত জরুরি যক্ষা প্রতিষেধক বিসিজি টিকার ঘাটতিতে যুক্তরাজ্যের লন্ডনে ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।
এমনকি তার মেয়ে আজেলিয়া জয় পার্সি এ প্রতিষেধক নিতে গেলে চিকিৎসকরা সরবরাহ সংকটের কারণে মেয়াদ পেরিয়ে যাওয়া টিকা গ্রহণের পরামর্শ দেন বলে জানিয়েছেন টিউলিপ।
এনএইচএস এ বিসিজি টিকার ঘাটতি থাকায় দেশটির হাজার হাজার শিশু এ প্রতিষেধক নিতে পারছে না বলে লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
টিউলিপ বলেন,‘যখন আমার মেয়ের বয়স চার মাস, তখন আমি একটি চিঠি পাই। বলা হয় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করি বলে তাকে যক্ষা’র প্রতিষেধক দিতে হবে। আমার স্বাস্থ্য পরিদর্শকও একই উপদেশ দেন। কিন্তু যখন চিকিৎসকের সঙ্গে সাক্ষাত করি, তখন বলা হয় বিশ্বব্যাপী সরবরাহে ঘাটতি থাকায় তাদের কাছে এ ওষুধের সরবরাহ কম। কিন্তু আমি চাইলে মেয়াদ পেরিয়ে যাওয়া ব্যাচ থেকে একটি প্রতিষেধক নিতে পারি।’
তবে মেয়াদ না থাকলেও চিকিৎসকরা এ ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকরী বলে আশ্বাস দেওয়ার পরে তিনি মেয়ের জন্য সেটি গ্রহণ করেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘অনেক অভিভাবক তাদের সন্তানদের জরুরি এ প্রতিষেধক দিতে পারছেন না। তাদেরকে অন্ততপক্ষে তিন মাস অপেক্ষায় থাকতে হচ্ছে। অথচ শিশুদের প্রথম বছরে স্বাস্থের জন্যে এ প্রতিষেধক দেওয়াটা খুবই জরুরি।’
জানা যায়, গত সেপ্টেম্বর থেকে লন্ডনে এ টিকার ব্যাপক ঘাটতি দেখা দেয়। ঘাটতির কারণে হাজার হাজার শিশু এ প্রতিষেধক নিতে গিয়ে ফিরে আসছে। শুধুমাত্র যক্ষা রোগের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এ টিকা দেওয়া হচ্ছে। সরকারি সরবরাহ না থাকায় বেসরকারি ক্লিনিকগুলোতে বিসিজির চাহিদা বেড়ে গেছে।
বিসিজি ভ্যাকসিনের ঘাটতিতে লন্ডনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় যক্ষার হার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে যুক্তরাজ্য সরকারকে জরুরি ভিত্তিতে সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান দেশটির ছায়া মন্ত্রীসভার শিক্ষা বিষয়ক এ সদস্য।
সিটিজিসান.কম/রবি

