‘পরিবেশ ঠিক রেখেই সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার’ (ভিডিও)

আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ৯:৪৬ অপরাহ্ন

a-47

এম শাহ আলম, কক্সবাজার করেসপন্ডেন্ট ::

বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসাইন মঞ্জু এমপি বলেছেন, সুন্দরবনে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ থাকলেও দেশের উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ কেন্দ্র দরকার। তাই পরিবেশ ঠিক রেখেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ম্যানগ্রোভ ফর ফিউচার এর রিজিউনাল স্টিয়ারিং কমিটির ১৩তম মিটিংএ তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রেখেই উন্নয়ন কর্মকান্ডে এগিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজন বৈশ্বিক ও আঞ্চলিক সমন্বয়। মন্ত্রী তাঁর বক্তব্যে টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্বারূপ করেন।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী। কর্মশালার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, এমএফএফ’র সমন্বয়কারী ড. স্টিন ক্রিস্টেন সেন। বক্তব্য রাখেন আইইউসিএন’র আঞ্চলিক পরিচালক আবান মার্কার কাবরাজি ও বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ।

ম্যানগ্রোভ ফর ফরেস্ট (এমএফএফ)’র ১৩ তম আঞ্চলিক পরিচালনা কমিটির দুই দিনব্যাপী এই সভাটি বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়, আইইউসিএন এবং এমএফএফ’র বাংলাদেশ সেক্রেটারিয়েট যৌথভাবে আয়োজন করে।
২০১৬ সালে এমএফএফ’র অর্জন, ২০১৭ সালের কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদী টেকসই কৌশল নির্ধারণে আলোচনার লক্ষ্যে এবারের দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন।

এবারের সভায় এমএফএফ’র আন্তর্জাতিক সমন্বয় দল প্রধানসহ সংস্থাটির সদস্য রাষ্ট্রের মধ্যে কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, সিসিলি দ্বীপপুঞ্জ, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। চীন আউটরিচ সদস্য রাষ্ট্র হিসেবে কর্মশালায় অংশগ্রহণ করছে।

সিটিজিসান.কম/রবি