চট্টগ্রাম :: মহানগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পরিদর্শক (তদন্ত) দুজনকেই বদলির আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার।
এ ছাড়া নগর পুলিশের আরও চার পরিদর্শক পদে রদবদলের আদেশ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিএমপি কমিশনার বদলির আদেশ জারি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বদলিকৃত পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া ও পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান উভয়কে সিএমপির বিশেষ শাখায় বদলি করা হয়েছে।
রণজিৎ বড়ুয়াকে বিশেষ শাখায় পাঠিয়ে সেখানে বসানো হয়েছে পুলিশ পরিদর্শক আলমগীর হোসেনকে। আলমগীর এতদিন বিশেষ শাখায় ছিলেন।
বদরুজ্জামানকে বিশেষ শাখার নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শক আবদুল্লাহ আল হারুন।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি উদ্দিন আকবরকে বদলি করে পাঁচলাইশ থানায় একই পদে বসানো হয়েছে। বিশেষ শাখার পরিদর্শক হাসান ইমামকে কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) পদে বসানো হয়েছে।
সিটিজিসান.কম/রবি

