পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত-২

আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ৯:৫৬ পূর্বাহ্ন

cross-fire

ঝিনাইদহ :: ঝিনাইদহে শহরের ভুটিয়ারগাতি নামক স্থানে আজ মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছ। তাদের সন্ত্রাসী বলছে পুলিশ।

নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, পাঁচটি বোমা, একটি ধারালো অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য, ভোররাত পৌনে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি দ্রুতগতিতে ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক ধরে টার্মিনালের দিকে যাচ্ছিল। পুলিশের একটি টহলদল তাদের থামার সংকেত দেয়। তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের আরেকটি দল তাদের থামানোর চেষ্টা করে। মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়।

এতে একটি মোটরসাইকেলে থাকা দুজন আরোহী গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, মোটরসাইকেল আরোহীরা নাশকতা চালানোর জন্য কোথাও যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তৎপরতায় আসন্ন অঘটন থেকে রক্ষা পাওয়া গেছে। সকাল নাগাদ নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

সিটিজিসান.কম/রবি