চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ (গ্রীন শিপইয়ার্ড) পরিদর্শন করেছে বাংলাদেশ রোটাপ্লাস্ট চট্টগ্রাম মিশন ২০২৬ এর আওতায় আগত একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনে রোটারি ক্লাব অব আগ্রাবাদ, চট্টগ্রামের সদস্যদের পাশাপাশি দেশি ও বিদেশি মেডিকেল এবং নন-মেডিকেল স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। সফরকালে প্রতিনিধি দল শিপ রিসাইক্লিং কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ উদ্যোগ এবং শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসাইন চৌধুরী এবং রোটাপ্লাস্ট চট্টগ্রাম মিশন ২০২৬ এর চেয়ারম্যান লতিফ আনোয়ার চৌধুরী।
ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে প্রতিনিধি দলকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির সিইও ফেরদৌস ওয়াহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিওও আসাদুজ্জামান সাইমন ও ম্যানেজার ইউসুফ আলী চৌধুরী।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে শিপ রিসাইক্লিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিনিধি দল এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের শিল্পভিত্তিক পরিদর্শন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে।
এ ছাড়া প্রতিষ্ঠানটি শিল্প উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বিএসবিআরএ’র ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসাইন চৌধুরী বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে দেশে ইতোমধ্যে ২৩টি গ্রীন শিপইয়ার্ড কার্যক্রম পরিচালনা করছে এবং আরও ২৫টি গ্রীন ইয়ার্ড প্রস্তুতির পর্যায়ে রয়েছে। এসব গ্রীন ইয়ার্ড নিজস্ব অর্থায়নে গড়ে তোলা হয়েছে উল্লেখ করে তিনি শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
