নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল।
বৃহস্পতিবার রাতে চিঠির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। এর একদিন আগে, বুধবার আবেদনটি গ্রহণ করা হয় বিএনপির গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু।
গত ১৮ নভেম্বর গুলশান কার্যালয়ে জমা দেওয়া ওই আবেদনে স্বাক্ষর করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক দুইবারের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছারসহ অন্যান্য নেতারা।
আবেদনে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে মোহাম্মদ এনামুল হককে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের সংশ্লিষ্ট সহ বিভিন্ন ইস্যুতে জড়িত থাকার অভিযোগ থাকায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন ওই চার নেতা। বিষয়টি সরেজমিনে তদন্ত করে পটিয়া আসনে নতুনভাবে প্রার্থী বিবেচনার অনুরোধ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারলে আসন্ন জাতীয় নির্বাচনে পটিয়ায় বিএনপি বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হবে বলে তৃণমূলে আশাবাদী।
