নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ অক্টোবর, ২০২৩ শনিবার ১২.১৫ এএম
ঘোষণা ছিলো চীন থেকে আনা হবে ক্যালসিয়াম কার্বোনেট। কিন্তু তার বদলে আনা হলো ৬০ টন ডেক্সট্রোজ, ১৫ টন গুঁড়ো দুধ, ১ টন কফি মেট, ৩ টন মেনথল। আর এই জালিয়াতির মাধ্যমে দেড় কোটি টাকার রাজস্ব ফকির চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) শতভাগ কায়িক পরীক্ষা শেষে চালানটি ধরে কাস্টমস কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।
তিনি জানান, ঢাকার পুরানা পল্টনের জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চীন থেকে চার কনটেইনারের চালানটি এমভি স্কাই উইন্ড জাহাজে আমদানি করে। ঘোষণা ছিল ক্যালসিয়াম কার্বনেট (আনকোটেড)। কাস্টম হাউসের এআইআর শাখা চালানটি মিথ্যা ঘোষণার পণ্য সন্দেহে বিশেষ নজরদারিতে রাখে।
তিনি আরও বলেন, বিষয়টি আঁচ করতে পেরে আমদানিকারক কৌশলে চালানটি বন্দরে না নামিয়ে সিঙ্গাপুর ফেরত পাঠাতে আরওবি ঘোষণা করে। পরে কাস্টমসের চাপে চালানটি জাহাজ থেকে নামাতে হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। ঘোষিত পণ্য পাওয়া যায় মাত্র ৩ টন।
‘একই আমদানিকারকের আরেকটি চালান গত ২০ সেপ্টেম্বর আটক করেছিল কাস্টমস কর্মকর্তারা। যাতে ক্যালসিয়াম কার্বনেট (আনকোটেড) ঘোষণা দিয়ে ডেক্সট্রোজ ও গুঁড়ো দুধ আনা হয়েছিল। রাজস্ব ফাঁকির চেষ্টা ছিল কোটি টাকা।’—যোগ করেন তিনি।
আরআর/সিএস
