নিজস্ব প্রতিবেদক| আপডেট : ১৩ জুলাই, ২০২২ মঙ্গলবার : ৫.১০ পিএম
মাদক ও জুয়াখেলা বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সামাজিক সংগঠন ছনুয়া মধুখালী সমাজ উন্নয়ন সংঘ।
বুধবার (১৩ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘সচেতনতাই এনে দিবে আমাদের মুক্তি; চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই শিরোনামে লিফলেট বিতরণ করে উক্ত সামাজিক সংগঠনের সদস্যরা।
ছনুয়া ইউনিয়নের মধুখালী এলাকার চায়ের দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে মধুখালী সমাজ উন্নয়ন সংঘের সভাপতি কাইছার আহমদ, সাধারণ সম্পাদক এম. এ তারেক, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইয়েদুল হক (সাঈদ), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিহাদ, হাফেজ মো. জাকারিয়া, হাফেজ মো. ইলিয়াস, মো. নুরুন্নবী প্রমুখ।

এ বিষয়ে ছনুয়া মধুখালী সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক এম এ তারেক বলেন, ‘মাদক ও জুয়াখেলার করাল গ্রাসে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। জনসচেতনতার মাধ্যমে জুয়া খেলা ও মাদকের কুফল বা ক্ষতিকর দিকগুলো এবং আমাদের করণীয়গুলো তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে মাদক ও জুয়ার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। সমাজের প্রতিটি মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে সমাজ থেকে মাদক ও জুয়াখেলা নির্মূল করা সম্ভব। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলাম। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন মধুখালী সমাজ উন্নয়ন সংঘ। প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের নানান কুসংস্কার দূরীকরণ ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে এই সংগঠনটি।
সিটিজি সান/এমবিইউ
