বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ১০ আগস্ট, ২০২১ মঙ্গলবার ১০:৪০ এএম
আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করা হয়। আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস হলেও এই মাসে এক কলেজ ছাত্রের জন্মদিনে কেক কেটে উল্লাস করায় ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হারুনুর রশীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন।
জানা যায়, রবিবার (৮ আগস্ট) ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সালাম বলীর বাড়ির আবু তৈয়বের পুত্র জাহেদুল ইসলামের জন্মদিন ছিল। দিনটি উদযাপন উপলক্ষে চেয়ারম্যান এম হারুনুর রশীদের বাড়িতে কেক কাটার আয়োজন করা হয়। কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন হারুনুর রশীদ। এসময় উপস্থিত সবাইকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘হারুন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’, ’ছাত্রলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান পুত্র মো. শরীফ, মিজান সিকদার, জাহেদুল ইসলাম, মো. বাহাদুর,হামিদ হোসেন,তৌহিদ, জাহেদ সোহান,রিফাত, মুবিন সহ আরো অনেকে।
করোনাকালীন এই দুঃসময়ে সরকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর কঠোরতা আরোপ করলেও জন্মদিন পালনের সময় কারো মুখে মাস্ক ছিল না। এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখেনি উপস্থিত কেউ।
শোকের মাসে চেয়ারম্যানের খোশমেজাজে জন্মদিন উদযাপনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ এ প্রতিবেদকের হাতে এসেছে।
রবিবার (৮ আগস্ট) জন্মদিন পালন করলেও সোমবার (৯ আগস্ট) ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে স্থানীয় বঙ্গবন্ধুপ্রেমি ও আ.লীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
২০১৭ সালের ২৫ এপ্রিল নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ‘স্বতন্ত্র’ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন এম. হারুনুর রশীদ । তাকে বিভিন্ন মিটিং ও পোস্টার-ব্যানারে নিজেকে ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসেবে দাবি করতে দেখা যায়। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে জমি জবর দখল, বনবিভাগের প্যারাবন দখল, সন্ত্রাস সৃষ্টি, তার সৃষ্টি করা বাহিনীর সাগরে দস্যুতা, সাংবাদিক অপহরণ করে হত্যা চেষ্টা, শিক্ষককে অপহরণ ও মারধর করা সহ নানা অভিযোগ রয়েছে।
সবশেষ গতকাল (৮ আগস্ট) শোকের মাসে জন্মদিন পালন করা নিয়ে স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন বিভিন্ন অনৈতিক কাজ করে সমালোচিত ওই চেয়ারম্যান।
এ বিষয়ে ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম. জিল্লুল করিম শরীফি বলেন, ‘শোকের মাসে জন্মদিন পালনের বিষয়টি নিন্দনীয়। প্রকৃত বঙ্গবন্ধু প্রেমিরা কখনো এমন ঘৃণ্য কাজে জড়াতে পারে না। ছনুয়া ইউনিয়ন আ.লীগের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’
এ বিষয়ে জানার জন্য ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হারুনুর রশীদকে কল দেওয়া হলে তিনি রিসিভ করার পর বিষয়টি আঁচ করতে পেরে কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাঁশখালী উপজেলা আ.লীগের সভাপতি ও সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ’শোকের মাসে তো জন্মদিন পালন করার প্রশ্নই আসে না। এটাতো বঙ্গবন্ধু আদর্শের কেউ মেনে নিবে না।আমরা বঙ্গমাতার জন্মদিন পালন করছি না? ওখানে তো দোয়া মাহফিল করছি। কোরআন খতম দিছি। কিন্তু কেক তো কাটি নাই। আনন্দ উৎসব তো করিনি। কিন্তু উনি (হারুনুর রশীদ) তো জন্মদিনের নামে কেক কেটে উল্লাস করতে পারেন না। এটা ঠিক হয়নি।’
সিএস
