ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারী প্রসব বেদনায় কাতর, হাসপাতালে নিল পুলিশ

আপডেট: ৮ জুন ২০২১ ১:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ জুন, ২০২১ মঙ্গলবার ০১:১০ পিএম

রাস্তার ধারে ফুটপাতে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। বিষয়টি নজরে পড়ে সুমন নামে এক ব্যক্তির। তিনি ৯৯৯-এ ফোন করলে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যান মোবাইল ডিউটিতে থাকা উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া। ফোন করা ওই ব্যক্তি এবং স্থানীয়দের সহায়তায় নিয়ে যান হাসপাতালে। সেখানে একটি ফুটফুটে ছেলে সন্তানের জম্ম দেয় ওই নারী।— এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের হালিশহরে।

সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে হালিশহরের নয়াবাজার বিশ্বরোডের কাঁচাবাজারের ফুটপাত থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯-এ ফোন করা সুমন এবং লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর পরিচালকসহ পুলিশ-স্থানীয়দের সহায়তায় মানসিক ভারসাম্যহীন প্রসূতি ওই নারীকে ব্রাক মেটারনিটি সেন্টারে ভর্তি করানো হয়। সেখানেই একটি ছেলে সন্তানের জন্ম দেন ওই নারী। নবজাতক ও মায়ের দেখাশুনার জন্য লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর কর্মী শারমিনকে সঙ্গে নিয়ে বাচ্চা এবং বাচ্চার মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাচ্চাটিকে আপাতত দেখাশুনার জন্য স্থানীয় এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার আজ আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় এক এনজিওকর্মী এবং হাসপাতালের মালিক বিল পরিশোধের ব্যবস্থা করেন।

এবিষয়ে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটপাতে কাতরাচ্ছেন— থানা থেকে এমন ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। এরপর প্রসূতি ওই নারীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।’

সিএস