পানের খিলির মধ্যে ইয়াবার কারবার, গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী

আপডেট: ৮ মে ২০২১ ১:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ মে, ২০২১ শনিবার ০১:৩০ পিএম

পানের খিলির মধ্যে ইয়াবার কারবারি সাজু মিয়ার পর এবার পুলিশের হাতে ধরা পড়লো তার স্ত্রী তাহমিনাও। তিনিও স্বামীর মতো একই পদ্ধতিতে পানের খিলির মধ্যে ইয়াবা ট্যাবলেট দিয়ে সরবরাহ করতেন গ্রাহকদের কাছে।

শুক্রবার (৭ মে) দিবাগত রাতে ডবলমুরিং থানার দেওয়ানহাটের দীঘিরহাট ২ নং রেল গেইট এলাকার খলিলুর রহমানের ভাড়াঘর থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেফতার মাদক ব্যবসায়ী তাহমিনা বেগম (৩৫) সাজু মিয়ার স্ত্রী। তারা স্বামী-স্ত্রী মিলে পানের দোকানের আড়ালে মাদক ব্যবসা করতো।

পুলিশ জানায়, ইয়াবা বিক্রির জন্য অভিনব কৌশল বেঁছে নিয়েছিলেন এই দম্পতি। কাস্টমার আসলে পানের খিলির মধ্যেই গুঁজে দিতেন ইয়াবা। অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ী সাজু মিয়াকে গ্রেফতারের পর তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে একই অভিযোগে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘সাজু মিয়া ও তাহমিনা দম্পতি পানির দীঘি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা বাইরে থেকে পাইকারি কিনে এনে দেওয়ানহাট পানির দীঘি এলাকায় খুচরা বিক্রি করে। গতকাল সাজু মিয়াকে গ্রেফতারের পর দেয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করা হয়েছে।’

‘গ্রেফতারের সময় তাহমিনা বেগমের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা এবং ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। স্বামীর মতো তাহমিনাও পানের দোকান করে। এই দোকানের আড়ালেই সে ইয়াবা বিক্রি করে।’—যোগ করেন ওসি।

সিএস