চট্টগ্রামে তারাবি নামাজে সহিংসতা: আরও এক ব্যক্তি গ্রেফতার

আপডেট: ৮ মে ২০২১ ৮:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ মে, ২০২১ শনিবার ৮:০০ এএম

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার একটি মসজিদে তারাবি নামাজকে কেন্দ্র করে সহিংসতাকারী মো. কফিল উদ্দিন (৪০) নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মে) দিবাগত রাতে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কফিল উদ্দিন হাটহাজারী থানার উত্তর মাদার্শা এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। তিনি বর্তমানে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এর আগে চলতি বছরের ১৪ এপ্রিল চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতি জামে মসজিদে নির্দিষ্ট সংখ্যক মুসল্লি প্রবেশের পর মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে আরেকদল মুসল্লি মসজিদে তালা দেখে বাইরে আরেকটি জামাত করে নামাজ পড়ছিল। এ নিয়ে সৃষ্ট সমস্যাকে কেন্দ্র করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে নামাজ শেষে বাসায় চলে যাওয়ার অনুরোধ করে এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়তে বলে।

নামাজ শেষে সবাই বাসায় ফিরে যাচ্ছিল এবং পুলিশও থানার দিকে রওনা দিয়েছে। এ সময় একদল উচ্ছৃঙ্খল লোক হঠাৎ করে মসজিদ গেইট ভাঙচুর করে এবং পুলিশের গাড়িতে ঢিল মারে। এ ঘটনায় হওয়া মামলায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার দেখায়। যাদের মধ্যে এজাহারভুক্ত বেশ কয়েকজন আসামি পলাতক ছিল।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘চান্দগাঁও আবাসিক বি-ব্লক জামে মসজিদে পবিত্র  রমযান মাসে ২য় তারাবি নামাজ আদায় করাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আরও এক আসামি মো. কফিলকে গ্রেফতার করা হয়েছে। আজ (শনিবার) সকালে রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হবে।’

‘এর আগে শুক্রবার (৭ মে) সকালে তারাবি নামাজে সহিংসতাকারী আলী হায়দার (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাকেও রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।’—যোগ করেন ওসি।

সিএস