নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ এপ্রিল, ২০২১ শুক্রবার ০১:১০ পিএম
চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় জিহাতুর ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে এবং ওই শিশুর দাদি আহত হয়েছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাতুর ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগান এক নম্বর ওয়ার্ডের আনোয়ার ইসলামের ছেলে। আহত হয়েছে ওই শিশুর দাদি লায়লা বেগম (৬০)।
নিহত জিহাতুর ইসলামের চাচা জাহেদুল ইসলাম বলেন, ‘আমার মা ও ভাতিজা অটোরিকশাতে করে হামিদচর যাচ্ছিলো। এসময় কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাসের সঙ্গে ওই সিএনজি অটোরিকশার সংঘর্ষ ঘটে। পরে দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক ভাতিজাকে মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘সকাল পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় এক শিশু ও বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদেরকে চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। এরপর সেখানে ওই শিশুটির মৃত্যু হয়।’
বর্তমানে আহত ওই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলেও জানান তিনি।
সিএস
