নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ এপ্রিল, ২০২১ শনিবার ০২:৪০ পিএম
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪) ও রায়হান।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র বলছে, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে কমপক্ষে ২৫ জনের মতো আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
২০১৬ সালের এপ্রিলে একই বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘাতে ছয়জন নিহত হন।
সিএস
