হাটহাজারীতে হেফাজত-আ.লীগের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি থমথমে

আপডেট: ২৮ মার্চ ২০২১ ৩:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ মার্চ, ২০২১ রবিবার ০৩:০০ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে সড়কে ব্যারিকেড দিয়ে হরতাল পালন করছেন হেফাজত নেতা-কর্মীরা। হরতালে নাশকতা ঠেকাতে সড়কে অবস্থান নিতে দেখা গেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশও ঐ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

রবিবার (২৮ মার্চ) সকাল থেকেই হাটহাজারী বাসস্ট্যান্ডে মাদরাসা ছাত্রদের অবস্থান নিতে দেখা যায়। পাশাপাশি হাটহাজারী মাদরাসা গেইটে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করে হেফাজতে ইসলাম।

এদিকে গতকাল (শনিবার) রাতে কাচারী রোডের মুখে দুটি অংশ খুঁড়ে খাল খনন করা হয়েছে। কাচারী রোডের মুখে বাঁশের ব্যারিকেডটি এখনো রয়েছে। সেখানে কোনপ্রকার যানবাহন চলাচল করতে পারছেনা।

দেখা যায়, ওই সড়কটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। সড়কের দুপাশে আটকা রয়েছে মালবাহী ট্রাক। বিকল্প সড়ক দিয়ে লোকজনকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে দ্বিগুণ ভাড়া ও সময় লাগছে বেশি। যার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে দেখা গেছে নারী, শিশু ও বৃদ্ধদের। উপজেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন।

সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

হেফাজত ইসলামের সহকারী অর্থ সম্পাদক আহসান উল্লাহ বলেন, ‘আমরা কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সড়কে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত কোথাও এখনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’