হেফাজতের হরতালেও গণপরিবহন চলছে চট্টগ্রামে

আপডেট: ২৮ মার্চ ২০২১ ১:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ মার্চ, ২০২১ রবিবার ০১:০০ পিএম

হেফাজতে ইসলামের ডাকা হরতালেও চট্টগ্রামে স্বাভাবিক রয়েছে গণপরিবহন চলাচল। তবে, সড়কে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে।

রবিবার (২৮ মার্চ) নগরের নিউমার্কেট, টাইগারপাস, লালদিঘি, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, দেওয়ানহাট, কাস্টমস, ফ্রিপোর্ট, কাঠগড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে এসব চিত্র দেখা গেছে।

ভোরের আলো ফুটতেই এদিন শুরু হয়েছে যান চলাচল। ইপিজেডের পোশাক কারখানাগুলো খোলা থাকায় ফ্রিপোর্ট এলাকায় স্বাভাবিকভাবেই ছিল মানুষ ও যানবাহনের চাপ।

একইচিত্র দেখা গেছে নিউ মার্কেট এলাকায়। ভোরের দিকে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির চলাচল কম লক্ষ্য করা গেছে।

এদিকে নগরে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত যান প্রাইভেটকার এবং মোটরসাইকেল চলাচল অনেকাংশেই কম দেখা গেছে। যার ফলে সড়কে দাপট বেড়েছে রিকশা-সিএনজির। সবকটি স্থানে এসব যানচলাচল বেশি দেখা গেছে।

আগ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছোবাহান শিকদার বলেন, ‘আজ অন্যান্য দিনগুলোর তুলনায় গাড়ি চলাচল কিছুটা কম দেখছি। অন্যান্য দিনে এসব এলাকায় প্রচুর গাড়ি এবং মানুষের চাপ থাকলেও আজ তা দেখা যাচ্ছেনা।

বহদ্দারহাটের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘বহদ্দারহাটে অন্যান্য দিন যানবাহনের যে চাপ থাকে তা আজ নেই। গাড়ি চলাচল অনেকাংশেই কম। তবে স্বাভাবিকভাবেই সব গাড়িগুলো চলছে।’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে কয়েকদিন ধরেই বিক্ষোভ থেকে সংঘর্ষে পুলিশের গুলিতে হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হয়েছে। এর প্রেক্ষিতে আজ (রবিবার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি।

এদিকে হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামী দল।

আরএইচ