পাওনা টাকার জন্যে সন্ত্রাসী দিয়ে বন্ধুকে খুন করালো বন্ধু

আপডেট: ২৩ মার্চ ২০২১ ৯:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ মার্চ, ২০২১ মঙ্গলবার ৯:০০ পিএম

গার্মেন্টসকর্মী মো. শরীফ (২২)। পাওনা টাকা দেয়ার কথা বলে তাকে ডেকে নেয় তার বন্ধু। শরীফ তার দুই বন্ধুকে নিয়ে সেই টাকা আনতে যায় ওয়াসা গলির পাকা রাস্তায়। পরবর্তীতে ওই বন্ধুই ফোন করে জানায় টাকা নিতে আসতে হবে স্টিলমিল এলাকায়। ঠিক ওইসময় স্টিলমিল যেতে চাইলে তার গতিরোধ করে কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই শরীফকে ছুরিকাঘাত করে তারা এবং পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করে শরীফ।এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— বাঁশখালী থানার প্রেমাসিয়া গ্রামের গরম মাঝির বাড়ির দক্ষিণ পাড়া এলাকার ফরিদুল আলমের পুত্র মোহাম্মদ এহেছান (২৬) এবং পতেঙ্গার পশ্চিম হোসেন আহমদ পাড়ার নূর মোহাম্মদ মেম্বারের বাড়ির মনু মিয়ার পুত্র মো. বেলাল (১৯)। এদের মধ্যে এহেছান খেজুড়তলা এলাকার আব্দুল্লাহর বাড়ির বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ মার্চ বিকেল ৪টার দিকে পাওনা এক হাজার টাকা দিবে বলে শরীফকে ওয়াসা গলির একটি মসজিদের সামনে যেতে বলে তারই এক বন্ধু। টাকা আনতে যাওয়ার পর ওই বন্ধু ফোনে জানায় ওয়াসা গলি নয়, টাকা নিতে হলে আসতে হবে স্টিলমিল মোড়ে। ঠিক ওইসময় পথে কয়েকজন শরীফের গতিরোধ করে। এর পরপরই শুরু করে মারধর। এক পর্যায়ে গ্রেফতার এহেছান তার হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে পিঠের উপর উপর্যপুরি আঘাত করে। তখন আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

পরবর্তীতে এলাকাবাসীর সহযোগীতায় শরীফকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় ২২ মার্চ (সোমবার) শরীফের বড় ভাই বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলার দায়ের করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে খুনের ঘটনায় দুই যুবককে আজ (মঙ্গলবার) গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা ফোল্ডিং টিপ ছুড়ি উদ্ধার করা হয়।’

আরএইচ/সিএস