চট্টগ্রামে অগ্নি নির্বাপণ ছাড়পত্র প্রদান ও নবায়নে ঘুষ দাবির অভিযোগ উঠেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানিয়েছে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগীয় সদর দফতরে কর্মরত পরিদর্শক মামুন উর রশিদ অগ্নি নির্বাপণ ছাড়পত্র দিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ঘুষ দাবি করে আসছিলেন। দুদকে জমা হওয়া এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (২১ মার্চ) আগ্রাবাদ ফায়ার সার্ভিস কার্যালয়ে অভিযান চালিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে দুদকের একটি টিম।
এ বিষয়ে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুদকের একটি টিম ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় সদর দফতরে অভিযান চালিয়েছে। অভিযোগের সপক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ চলমান। অভিযানকারী টিমের প্রতিবেদন পাওয়া যায়নি। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্রঃঃ জাগোনিউজ২৪
