নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ মার্চ, ২০২১ রবিবার ০৪:১০ পিএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গাছের ডালে মাহফিলের মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কায়ছার আহমদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে দক্ষিণ জলদির আস্করিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কায়ছার আহমদ পৌরসভার সৈয়দ বাহারউল্লাহ পাড়া ৩ নম্বর ওয়ার্ডের মঞ্জুর আহমদের পুত্র।
স্থানীয়রা জানান, সকালে দক্ষিণ জলদীর আস্করিয়া পাড়ার একটি ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভার মাইক বাঁধতে গাছে উঠেছিলেন এই যুবক। হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং মারা যায়।
এ ব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দীন বলেন, মাইক বাঁধার আগে আমাদের অবগত করলে আমরা বিদ্যুৎ লাইন বন্ধ রাখতাম। কিন্তু আমাদের অবগত দূর ওইখানে মাইক বাঁধার জন্য আমাদের কাছ থেকে কোন অনুমতিও নেয়নি। নিলে আজকে এত বড় একটি দুর্ঘটনা ঘটতো না।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, ওই যুবককে হাসপাতালে নেয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে সে মারা যায়।
সিএস
