নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ মার্চ, ২০২১ শুক্রবার ০৭:১০ পিএম
অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কয়েকটি পয়েন্টে অবস্থান করে বনবিভাগ টিম। হঠাৎ শেরশাহ নতুন সড়ক হয়ে ঢাকার অভিমুখে তেরপাল দিয়ে ঢাকা একটি ট্রাক নজরে আসে বনবিভাগের টিমের। ট্রাকটিকে সিগনাল দিলেও না থামিয়ে পালাতে থাকে। এসময় পিছু নেয় বনবিভাগের টিমও। দীর্ঘ পথ ধাওয়া করে টতাকটির গতি রোধ করে ওই স্পেশাল টিম এবং জব্দ করে ১০ লাখ টাকার অবৈধ সেগুন ও গামারি কাঠ।
শুক্রবার (১৯ মার্চ) সকালে শহর রেঞ্জের স্পেশাল টহল দল এবং হাটহাজারী চেক স্টেশনের যৌথ অভিযানে এসব অবৈধ কাঠ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা নাজমুল হাসান মাসুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা কাঠ পাচারেএ বিষয়টি জানতে পারি। এরপরই বৃহস্পতিবার গভীর রাত থেকে নগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান গ্রহণ করে বন বিভাগের টহল টিম। শুক্রবার ভোরের দিকে শেরশাহ নতুন সড়ক হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল একটি তেরপল ঢাকা ট্রাক। যার নম্বর (চট্টমেট্রো-ট ১১-৯৩১০)। এ সময় দীর্ঘ পথ ধাওয়া করে ট্রাকটি জব্দ করতে সক্ষম হয় স্পেশাল টিম।
নাজমুল হাসান মাসুদ বলেন, ‘ট্রাকটি তল্লাশি করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ সেগুন ও গামারী গোলকাঠ জব্দ করা হয়। পরে জব্দ কাঠ এবং ট্রাক বন বিভাগের কালুরঘাট ডিপু হেফাজতে নেওয়া হয়।’
এই ঘটনায় বিভাগীয় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরএইচ/সিএস
