নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ০৬:১০ পিএম
সিনেমার গল্পের মতো করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘জেল থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এর আগে গত ৬ মার্চ চট্টগ্রাম কারাগারের ভেতরের একটি ভবনের চার তলা (৬০ ফুট উঁচু) থেকে লাফিয়ে পালান রুবেল। এরপর ৯ মার্চ নরসিংদীর আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় ফুফুর বাসা থেকে রুবেলকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
এরপর ১১ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই আয়ুব আলী ৭ দিনের রিমান্ড আবেদন করলে রুবেল অসুস্থ থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।
সিএস
