নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ মার্চ, ২০২১ সোমবার ১২:০০ এএম
চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় গৃহবধূ রীমা আক্তারের লাশ উদ্ধারের পর থেকেই পলাতক ছিল তার স্বামী তাজুল ইসলাম। অবশেষে তাকে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশের একটি টিম।
গ্রেফতার তাজুল ইসলাম নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামের আকবর শাহে স্ত্রীসহ একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১২টার দিকে আকবর শাহ থানার বিশ্ব কলোনির জি-ব্লক থেকে রীমার মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিহত রীমার ভাই জুলহাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন তার স্বামী তাজুলের বিরুদ্ধে। এরপরই পলাতক তাজুলকে আটকের অভিযান শুরু করে পুলিশ।
আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘খুনের ঘটনায় পলাতক স্বামী তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে রীমার ভাই জুলহাস মিয়ার করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।’
ওসি বলেন, ‘নিহত রীমা তাজুলের তৃতীয় স্ত্রী। হত্যাকাণ্ডের পর তাজুল কুমিল্লায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে আশ্রয় নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে রীমাকে তিনি গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছেন।’
‘আজ (রবিবার) বিকেলে তাজুলকে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে উপস্থিত করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।’— যোগ করেন ওসি।
আরএইচ
