নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ঢুকল দোকানে, নিহত ২

আপডেট: ১৩ মার্চ ২০২১ ১:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ মার্চ, ২০২১ শনিবার ০১:৪০ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে দুজন নিহত হন। আরও তিনজন এতে আহত হয়েছেন

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট বাজারে এ দুর্ঘটনা ঘটে। ।

নিহতরা হলেন— ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের আহমেদ উল্লাহর ছেলে ফখরুল ইসলাম শাওন (১৯) ও মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের তেমুহনী গ্রামের সিদ্দিক আহমদের ছেলে কামাল উদ্দিন (৬৫)। তারা ওই দোকানের ভেতরে ছিলেন।

আহতরা হলেন ফেনীর সোনাগাজী থানার চরশাহী দিকারী গ্রামের নুরুন নবীর ছেলে নূর করীম হৃদয় (২২), মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের জয়নগর গ্রামের মাওলানা শহীদুল ইসলাম (৪০) ও বাঁশখালী গ্রামের সিএনজি অটোরিকশা চালক ইলিয়াস হোসাইন (৩৫)।

মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৪১২৬) নিয়ন্ত্রণ হারিয়ে মুহুরী প্রজেক্ট বাজারে সাইফুল ইসলাম রাজুর কুলিং কর্নারে ঢুকে পড়ে। এতে মাইক্রোবাসে এবং দোকানের ভেতরে থাকা পাঁচজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান বৃদ্ধ কামাল উদ্দিন।

তবে জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্টগামী সেই মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।

সিএস