৯৯৯-এ ফোন পেয়ে বখাটে ধরল পুলিশ

আপডেট: ৪ মার্চ ২০২১ ১১:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ১১:৩০ পিএম

স্কুল থেকে থেকে ফিরছিলেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়া ও তাসনিম (ছদ্মনাম)। এসময় স্থানীয় বখাটে শহিদুলের হাতে শ্লীলতাহানির শিকার হয় এক ছাত্রী। বিষয়টি নজর পড়ে স্থানীয়দের। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে বখাটে শহিদুলকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে বিবিরহাট এশিয়ান ফ্যান ফ্যাক্টরির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহিদুল ইসলাম (৪৫) বরগুনার আমতলীর হলদিয়া এলাকার মোল্লা বাড়ির মৃত খনজন মোল্লার ছেলে। চান্দগাঁও থানাধীন গোলাপের দোকান খেজুরতলা এলাকার একটি বাসায় ভাড়ায় থাকেন।

পুলিশ জানায়, ৯৯৯ এ খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বখাটে শহিদুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবার দায়ের করা মামলায় শহিদুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, ‘সকালে স্কুল থেকে দুই শিক্ষার্থী ফেরার পথে এক বখাটে যুবক তাদের শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানান। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।’

‘পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ যোগ করেন ওসি।

আরএইচ