নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ মার্চ, ২০২১ সোমবার ১১:০৯ পিএম
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১ মার্চ) মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের চৌংড়াছড়ি গ্রামে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী ভূমি কমিশনার তাহমিনা আফরোজ ভূইয়া।
ওই ৭ ব্যক্তি হলেন— মো. আজিবর, মো. সুরুৎজামান, মো. রবি চাঁদ, মো. তারা মিয়া, মো. আতোয়ার, মো. সহিদ এবং মো. ইসহাকক।
মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়া বলেন, ‘ভবিষ্যতে পাহাড় কাটবেনা এই মর্মে মুচলেকা দেয়ার পরিপ্রেক্ষিতে সকলকে উক্ত অর্থ জরিমানা করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের এই রকম কার্যক্রম চলমান থাকবে, এমনকি ভবিষ্যতে কেউ পাহাড় কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’
সিএস
