পুলিশের অনুরোধে পেছালো লালদিয়া চরে উচ্ছেদের সময়

আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২১ ৯:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ বুধবার ০৯:১০ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা থানার লালদিয়া চর এলাকায় অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদের সিদ্ধান্ত পিছিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামীকাল উচ্ছেদ চালানোর কথা থাকলেও তা হচ্ছেনা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী ভূমি ব্যবস্থাপক শিহাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিহাব উদ্দীন বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) লালদিয়া চরে উচ্ছেদ অভিযানের পরিকল্পনা থাকলেও বর্তমানে আমরা তা স্থগিত করেছি। পুলিশের অনুরোধে নির্ধারিত সময়ে এ উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখন আমরা সবার সাথে আলাপ-আলোচনা করে পহেলা মার্চের দিকে উচ্ছেদ অভিযান পরিচালনার করার কথা ভাবছি।’

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে লালদিয়ার এলাকায় বসবাস করে আসছেন প্রায় দুই হাজার ৩০০ পরিবার। সেখানে এ, বি ও সি ব্লকে বিভক্ত হয়ে গঠিত হয় লালদিয়ার চর।

২০০৫ সালের ১২ জুলাই লালদিয়ার চরের বি ব্লক থাকা প্রায় পাঁচশ পরিবারকে উচ্ছেদ করা হয়। ২০১৯ সালেও লালদিয়ার চর এ-ব্লকের কিছু অংশ উচ্ছেদ করার পরও নতুন করে চলতি বছরের আগামী ২৫ ফেব্রুয়ারি এ-ব্লক উচ্ছে করার জন্য নোটিশ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ইতোমধ্যে ক্ষতিপূরণ বা পুনর্বাসন ছাড়া উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি মানববন্ধন করেছেন লালদিয়া চরের হাজার হাজার মানুষ। ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরাও। ইতিমধ্যে ওই এলাকায় ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরএইচ/সিএস