নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৭:৩০ পিএম
চট্টগ্রামের পাহাড়তলী থানার ব্যাংক কলোনি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি বসতঘর। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত— জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২৫ মিনিটে আব্দুর রহমান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পরে দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদের ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি গাড়ি প্রায় ২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৬ লাখ টাকার জিনিসপত্র উদ্ধারের দাবি করছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো আজিজুল ইসলাম বলেন, ‘দুপুরে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দু’টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ তবে কোন প্রাণহানি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
আরএইচ
