নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০১:০৩ পিএম
খাগড়াছড়ি জেলায় পর্যটনকেন্দ্র সাজেকগামী কয়েকজন যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে এক পরিবহন শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল ৭টার দিকে খাগড়াছড়ি পৌরসভা গেটের সামনে কয়েকজন পর্যটক পিকআপ ভ্যানে উঠছিলেন। এ সময় পিকআপটির পাশ দিয়ে স্টেশনগামী একটি বাস যাওয়ার সময় হঠাৎ করে পর্যটকরা চাপ দেওয়ার অভিযোগ করে চালককে মারধর করেন। এতে বাসের চালক আহত হন।— এমন অভিযোগ পরিবহন শ্রমিকদের।
এদিকে এ ঘটনার জেরে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত খাগড়াছড়ি-সাজেক সড়কে পরিবহন ধর্মঘট করেন শ্রমিকরা।
পরে পুলিশ উভয় পক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি মীমাংসা করার পর যান চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রশীদ জানান, পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
সিএস
