ইলেকট্রনিক ব্যবসার আড়ালে ইয়াবার কারবার, যুবক ধরা কোতোয়ালীতে

আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২১ ১০:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার ১০:০০ পিএম

ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী আব্দুল করিম (৩৯)। নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে ব্যবসা করেন তিনি। কিন্তু দেখে বোঝার উপায় নেই ইলেকট্রনিক ব্যবসা কেবলই লোক দেখানো। ওই ব্যবসার আড়ালে তিনি অ্যাপসের মাধ্যমে করেন ইয়াবার কারবার। সবশেষ সাড়ে ৩শ’ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ২৬ হাজার ৫ শ’ টাকাসহ তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টায় লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷ এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল করিম সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকার দোভাষীর পাড়ার মৃত আব্দুল গনির পুত্র।

পুলিশ জানায়, আব্দুল করিম রিয়াজুদ্দিন বাজারে ইলেক্ট্রনিক পণ্যের ব্যবসার আড়ালে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন। এর আগেও ইয়াবা বিক্রির দায়ে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘আব্দুল করিম নামে এক ব্যক্তিকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক পণ্যের ব্যবসার আড়ালে অ্যাপ্সের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন।’

তিনি বলেন, ‘এর আগেও গোয়েন্দা পুলিশের হাতে সাউন্ড বক্সের ভিতর ৬ হাজার পিস ইয়াবা ঢুকিয়ে পাচারকালে তিনি গ্রেপ্তার হন।’

তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।