নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১ শুক্রবার ০৪:১০ পিএম
মো. ছগির আকন। সাংবাদিক কন্যা ঊর্মি (১০) হত্যা মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি তিনি। পাষণ্ড ছগির শুধু সাংবাদিকের এক মেয়েকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হননি, জামিনে থাকা অবস্থায় ওই সাংবাদিকের অপর স্কুলপড়ুয়া কন্যাকেও হত্যার চেষ্টা চালায় সে! এ ঘটনায় ওই সাংবাদিক হত্যাচেষ্টা মামলা করলে উল্টো তার বিরুদ্ধেই ঘাতক ছগির আদালতে ঠুকেছেন মিথ্যা ডাকাতির মামলা।— এমন ঘটনা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকন।
ছগির আকন উত্তর বড় মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের পুত্র।
ওই মামলায় আসামি করা হয় দৈনিক আমাদের নতুন সময়ের মঠবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক জুলফিকার আমীন সোহেল ও তার আপন দুই ভাইসহ চারজন নামীয় ও অজ্ঞাত দুজনকে।
জানা যায়, ২০১৭ সালের ২৩ জুলাই বাড়ির অদূরে একটি পরিত্যক্ত বাগানের নালা থেকে সাংবাদিক জুলফিকারের মেয়ে ঊর্মির অর্ধগলিত (১০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাংবাদিক জুলফিকার সোহেল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ প্রতিবেশী ছগির আকনকে গ্রেফতার এবং পরবর্তীতে ঊর্মির ঘাতক হিসেবে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
এরপরই উচ্চ আদালতের জামিনে থাকা ছগির ও তার সহযোগীরা গত ২৬ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় ওই সাংবাদিকের স্কুল পড়ুয়া অপর মেয়ে শর্মি আক্তার চম্পাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা চালান।
এ ঘটনায় সাংবাদিক জুলফিকার সোহেল গত ৯ ফেব্রুয়ারি ছগিরসহ তিনজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যাচেষ্টা মামলা করেন।
স্থানীয়দের দাবি, একটি নিষ্পাপ মেয়েকে হত্যা করে জামিনে থাকা অবস্থায় একই বাবার আরেক মেয়েকে হত্যা চেষ্টা চালানোর সাহস যখন আসামি পায় তখন জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি তাদের।
এদিকে একজন সাংবাদিকর নামে এ ধরণের মিথ্যা মামলা হওয়ায় সাংবাদিক মহলসহ সুশীল সমাজে ইতোমধ্যে নিন্দার ঝড় উঠেছে।
সাংবাদিক জুলফিকার আমীন সোহেল উত্তর বড় মাছুয়া গ্রামের বীর মুক্তিযাদ্ধা মৃত. রুহুল আমীন আকনের পুত্র। তিনি দৈনিক আমাদর নতুন সময় পত্রিকার পিরাজপুরের মঠবাড়িয়া প্রতিনিধি। এছাড়াও তিনি অনলাইন পোর্টাল ‘মঠবাড়িয়া বার্তা’র প্রকাশক ও সম্পাদক। স্থানীয় বিভিন সামাজিক ও স্বেচ্ছাসবী সংগঠনর গুরুপ্তপূর্ণ দায়িত্বও পালন করছেন তিনি।
আরএইচ
