নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৭:৩০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশের ছাড়পত্র নবায়ন ও শর্ত ভঙ্গের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় তাদের পাঁচ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
প্রতিষ্ঠান দুটি হলো— সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত স্টান্ডার্ড নুর অয়েল লিমিটেড ও জিপিএইচ অক্সিজেন প্লান্ট।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশের ছাড়পত্র নবায়ন ও শর্ত ভঙ্গ করে উক্ত প্রতিষ্ঠান দুটি পরিবেশের ক্ষতি সাধন করে আসছিলো। এ অপরাধে উক্ত প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে ১৯৯৫ সাল এর ৭ ও ১২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে পাঁচ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।’
এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরএইচ/সিএস
