বাঁশখালীতে মোটরসাইকেল চাপায় মায়ের মৃত্যু, অবুঝ দুই শিশুর কান্না থামছেই না

আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২১ ৬:৫৫ অপরাহ্ন

বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১ শুক্রবার ০৬:৩০ পিএম

বাড়ির পাশেই চলছিল ধনী পরিবারের এক বয়স্ক মহিলার মৃত্যুর মেজবান। আর সেই মেজবান খেতে গিয়েছিলেন দরিদ্র পরিবারের ভ্যানগাড়িচালক আব্দুর শুক্কুরের স্ত্রী মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারা বেগম (২২)। কিন্তু কে জানতো তার আর ফিরে আসা হবেনা অবুঝ দুই শিশুর কাছে।

মেজবান খেয়ে রাস্তা পার হয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কের পৌরসভার দক্ষিণ জলদী গ্রামের মনছুরিয়া বাজারে রাস্তা পাড় হবার সময় মোটসাইকেল চাপায় প্রাণ হারায় মনোয়ারা বেগম।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আর মায়ের মৃত্যুর খবর শুনে অবুঝ দুই শিশুর কান্না থামছেইনা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগামী মোটরসাইকেল চালক মো. সাগর নামের এক কিশোর প্রথমে ওই গৃহবধূকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে পরে ওই দ্রুতগামী মোটরসাইকেলটি ওই মহিলার মাথার ওপর চাপা দিয়ে অদূরে গিয়ে কিশোরটিও ছিটকে পড়ে। ওই সময় কিশোর মো. সাগরেরও মাথা ফেটে যায়।

স্থানীয়রা দ্রুত গৃহবধূ মনোয়ারাকে রক্তাক্ত অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইখানকার কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে মোটরসাইকেল আরোহী কিশোর বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী গ্রামের শফিউর রহমানের পুত্র মো. সাগর (১৫) ঘটনার পর থেকেই পলাতক।

অপরদিকে মনোয়ারা মারা যাবার পর স্থানীয় একটি দালাল গ্রুপ টাকার বিনিময়ে ঘটনা মীমাংসার জন্য তৎপর হয়ে পড়েছে।

নিহত মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারার বাবা জাকের আহমদ বলেন, মনোয়ারার ২টি শিশু সন্তান রয়েছে। তার স্বামী আব্দুর শুক্কুর ঘরজামাই হিসেবে থাকত। আব্দুর শুক্কুরের বাড়ি কক্সবাজারের ঈদগাঁ গ্রামে।

বাঁশখালী থানার এসআই নাজমুল হক বলেন, ঘটনার পর পর ঘাতক মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আহত কিশোর মোটরসাইকেল চালক কোথায় পালিয়ে গেছে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমবিইউ/আরএইচ